বেতন কম দেয়ার প্রতিবাদ করায় কোটচাঁদপুরে মহিলা শ্রমিককে হাতুড়িপেটা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ::

সাপ্তাহিক বেতন কম দেয়ার প্রতিবাদ করায় এক নিরীহ ও দরিদ্র মহিলা শ্রমিককে হাতুড়িপেটা করে মারাত্মক জখম করেছে মিলের বেতন প্রদানকারী এক কর্মচারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুধসরা গ্রামে অবস্থিত সিলভী জিনিং ফ্যাক্টরীতে।

জানা গেছে, দুধসরা গ্রামের রজব আলী শেখের স্ত্রী পাপিয়া বেগম (৩২) উক্ত মিলের একজন দরিদ্র শ্রমিক। তিনি তার সাপ্তাহিক বেতন নিতে গেলে বেতন প্রদানকারী মোঃ মিঠুন তার পাওনা এক হাজার দশ টাকার স্থলে ৯শ’ ৩৫ টাকা দিলে তিনি এর প্রতিবাদ করেন। ফলে উক্ত কর্মচারী মহিলা শ্রমিককে হাতুড়ি দিয়ে দেহের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মক জখম করে। আহত মহিলা শ্রমিক পাপিয়াকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অভিযোগে প্রকাশ, এ ব্যাপারে মিল কর্তৃপক্ষকে অবহিত করা হলেও উক্ত কর্মচারীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। মিলের মালিক তবিবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পাপিয়ার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। তিনি বাইরে থাকায় তড়িৎ ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। বিষয়টি জেনে দোষী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Related Posts

Next Post
Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest