No Result
View All Result
ডেসটিনি ২০০০ লিমিটেডসহ অবৈধভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী সব মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির ব্যাপারে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া, এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনার জন্য প্রণীত খসড়াটি বিল আকারে জাতীয় সংসদের আগামী অধিবেশনে উপস্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে।
রোববার
সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩৩তম বৈঠকে অবৈধ ব্যাংকিং এবং লেনদেন বন্ধ করতে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেছেন, ‘১৭টি এমএলএম কোম্পানি অবৈধ লেনদেনের মাধ্যমে বিদেশে টাকা পাচার করছে। এছাড়া তারা অবৈধ ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কমিটি অর্থমন্ত্রী এবং গভর্নরকে চিঠি পাঠাবে।’ এমএলএম আইনটি কেন এখনো সংসদে উত্থাপন হয়নি- সে বিষয়টি মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে বলেও তিনি জানান।
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সুপারিশ পেলে ডেসটিনির বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থমন্ত্রণালয়।
আজ (রোববার) বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পাসকল লামির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ডেসটিনির বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের একার নয়। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ডেসটিনির ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এই এমএলএম কোম্পানির বিরুদ্ধে অধিক তৎপরতার অংশ হিসেবে এ ব্যাপারে সবগুলো পরিদর্শক দলকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসকে সতর্ক থাকতে বলেছেন তিনি।